বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন (Return on Investment/Capital) কী?
বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হলো কোনো প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সক্ষমতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত পদ্ধতি। এর মাধ্যমে প্রতিষ্ঠানে বিনিয়োজিত দীর্ঘমেয়াদি মূলধনের বিপরীতে কত পরিমাণ মুনাফা অর্জিত হচ্ছে, তা নির্ণয় করা হয়।
বিনিয়োজিত মূলধন বলতে সাধারণত সাধারণ শেয়ার মূলধন এবং দীর্ঘমেয়াদি ঋণ বা দায়কে বোঝানো হয়। এ অনুপাত নির্ণয়ের সূত্র হলো—
বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন = কর-পরবর্তী নিট লাভ ÷ বিনিয়োজিত মূলধন × ১০০
অথবা,
বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন = (কর-পরবর্তী নিট লাভ + সুদ) ÷ বিনিয়োজিত মূলধন × ১০০
এই অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্য বা ব্যর্থতার একটি ধারণা পাওয়া যায়। বিনিয়োগকারীরা যেমন তাদের বিনিয়োগের বিপরীতে আকর্ষণীয় হারে মুনাফা প্রত্যাশা করেন, তেমনি ঋণদাতারাও তাদের দীর্ঘমেয়াদি ঋণের বিপরীতে পর্যাপ্ত সুদ ও নিরাপত্তা নিশ্চিত করতে চান।
এ অনুপাতের মাধ্যমে মোট বিনিয়োজিত মূলধনের বিপরীতে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের হার জানা যায়। অনুপাত যত বেশি হবে, প্রতিষ্ঠানের মূলধন ব্যবহারের দক্ষতা ও মুনাফা অর্জনের সক্ষমতা তত বেশি বলে বিবেচিত হবে। তাই সাধারণভাবে এ অনুপাতের উচ্চ হার প্রতিষ্ঠানের জন্য কাম্য।
